চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি ১৩৫ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার বিরামপুরের মৃত টানু বিশ্বাসের ছেলে রাকিব আলী ও তার স্ত্রী জামিলা বেগম।
ওসি একরামুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে চকঝগড়ু-ড্রেনপাড়ার একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে লুকিয়ে রাখা ৯ টি পলিথিন ব্যাগ থেকে ৯ কেজি ১৩৫ গ্রাম গাঁজা জব্দ করে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে রাকিব ও জামিলাকে গ্রেফতার করে। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ ৬৫ হাজার টাকা।
এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
