নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে বল হাতে দারুণ পারফর্ম করে সিরিজ সেরা হয়েছেন নাহিদ রানা। সর্বশেষ পাকিস্তান সিরিজ থেকেই ছন্দে আছেন নাহিদ, পারফর্ম করেছেন পিএসএলেও। তুমুল ছন্দে থাকা এমন বোলারের অনুপস্থিতি যেকোনো প্রতিপক্ষের জন্যই বড় সুযোগ। আর তার সঙ্গে যদি যোগ হয় মোস্তাফিজুর রহমানের মতো বিশ্বমানের পেসারের অনুপস্থিতি, তাহলে তো সোনায় সোহাগা। টি-টোয়েন্টি সিরিজে এই দুই পেসারের অনুপস্থিতিকে নিজেদের জন্য ইতিবাচক হিসেবেই দেখছে কিউইরা।
কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তরুণ পেসার রিপন মন্ডল এবং আব্দুল গফফার সাকলাইনকে সুযোগ দেওয়া হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ এবং মোস্তাফিজকে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৭ এপ্রিল গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২৯ এপ্রিল একই ভেন্যুতে গড়াবে দ্বিতীয় ম্যাচ। এরপর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নামবে দুদল। সিরিজ শুরুর দুদিন আগে শনিবার চট্টগ্রামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি। প্রশংসা করেন বাংলাদেশের পেস ইউনিটের।
সোধি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের পেসাররা সত্যিই খুব চিত্তাকর্ষক ছিল। তারা যেভাবে বোলিং করেছে, তা বিশ্বের প্রায় প্রতিটি দলকেই চ্যালেঞ্জ জানাতে পারত।’
নাহিদ রানার বোলিংয়ের প্রশংসা করে সোধি বলেন, ‘নাহিদ রানা, আমি তাকে আগে বল করতে দেখিনি, কিন্তু তিনি ১০ ওভার জুড়ে প্রায় প্রতিটি বলেই তার গতি বজায় রেখেছিলেন। আমার মনে হয় না, আমি আগে এশীয় কন্ডিশনে অনেক আন্তর্জাতিক বোলারকে এমনটা করতে দেখেছি।’
নাহিদ রানার পাশাপাশি টি-টোয়েন্টি স্কোয়াডে নেই মোস্তাফিজুর রহমানও। সর্বশেষ ওয়ানডে সিরিজে একটি ম্যাচ খেলে সেটিতেই ৫ উইকেট নিয়েছেন ফিজ। এই দুজনের অনুপস্থিতিকে সুযোগ হিসেবে দেখছেন কিউইরা। সোধি বলেন, ‘মোস্তাফিজুর এবং নাহিদ রানা গত সিরিজে যেভাবে বোলিং করেছে… তারা না থাকাটা অবশ্যই কিছুটা ভিন্ন চ্যালেঞ্জ তৈরি করে। মোস্তাফিজের মতো বিশ্বমানের কেউ এবং বর্তমানে নাহিদ রানা যেভাবে বোলিং করছে, তারা না থাকাটা অবশ্যই যেকোনো দলের জন্য বড় শূন্যতা। প্রতিপক্ষের জন্য বড় সুযোগ।’
তবে বাংলাদেশের বর্তমান স্কোয়াডের মধ্যে চ্যালেঞ্জ দেখছেন তিনি। কিউই স্পিনার বলেন, ‘যখন আপনি খেলোয়াড়দের কয়েকবার দেখেন, তখন আপনি ভিন্ন ভিন্ন বোলারের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করতে পারেন। কিন্তু এখন এটি সম্পূর্ণ নতুন একটি দল এবং সেটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে।’
চ্যালেঞ্জ থাকলেও টি-টোয়েন্টি সিরিজের দিকে মুখিয়ে সফরকারীরা। সোধি বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজের দিকে তাকিয়ে আছি; বাংলাদেশের দলটা একটু ভিন্ন। এমন কিছু পেস বোলার থাকতে পারে যাদের আমরা আগে দেখিনি। তাই গত ওয়ানডে সিরিজে উচ্চমানের পেসারদের বিরুদ্ধে আমাদের যা শিক্ষা হয়েছে, তা নিতে হবে এবং টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। তবে আমার মনে হয় এটা ভালো যে আমাদের ব্যাটাররা ইতিমধ্যে কন্ডিশনের স্বাদ পেয়েছে।’
