জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় সম্ভাব্য হামলা মোকাবিলায় কাজ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।
তিনি জানান, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দফতরের জারি করা সতর্কতামূলক চিঠি পেয়েছেন। এ বিষয়টি নিয়ে সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম কাজ করছে।
সবাইকে আশ্বস্ত করে মুনশী শাহাবুদ্দীন বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবিলা করতে পারব।’
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করে পুলিশ সদর দফতর। রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলার পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের সব ইউনিটকে ‘নিরাপত্তা জোরদারের’ জরুরি নির্দেশনা দিয়ে এ চিঠি পাঠানো হয়। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা এ হামলা চালাতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
নাম উল্লেখ না করে পুলিশ সদর দফতরের একজন ডিআইজি স্বাক্ষরিত জরুরি নির্দেশনায় বলা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনটির সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য মিলেছে। গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কাও রয়েছে। এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনার বিষয়েও সতর্ক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বাড়ানো এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
