ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে পরিবার, সমাজ ও উগ্রপন্থী গোষ্ঠীর চরম নির্যাতন এবং প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন সিলেটের এক তরুণী। নিজের জীবন বাঁচাতে তিনি সম্প্রতি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) প্রার্থনা করেছেন। ভুক্তভোগী ওই তরুণীর নাম দেবশ্রী শর্মা মৌরী। তিনি সিলেটের একটি উচ্চবংশীয় ব্রাহ্মণ পরিবারের সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে সিলেটের মুসলিম তরুণ সালমান বিন সালাম চৌধুরীর সঙ্গে দেবশ্রীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিষয়টি দেবশ্রীর পরিবার জানতে পারলে তার ওপর নেমে আসে চরম মানসিক ও শারীরিক নির্যাতন। অভিযোগ রয়েছে, ভিন্ন ধর্মে সম্পর্কের কারণে দেবশ্রীকে তার বাবা-মা মারধর করেন এবং ঘরে আটকে রাখেন।
পারিবারিক ও সামাজিক চাপের মুখে ২০২২ সালে দেবশ্রীর প্রেমিক সালমান বিন সালাম চৌধুরী দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান এবং সেখানে অ্যাসাইলাম ভিসায় বসবাস শুরু করেন। পরবর্তীতে ২০২৫ সালে দেবশ্রীও শিক্ষার্থী ভিসা (স্টুডেন্ট ভিসা) নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর তারা আবারও একে অপরের সংস্পর্শে আসেন এবং একসঙ্গে বসবাস শুরু করেন।
এই যুগলের একসঙ্গে বসবাসের খবর বাংলাদেশে তাদের পরিবার ও এলাকায় ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা তৈরি হয়। দেবশ্রীর পরিবার তাকে আনুষ্ঠানিকভাবে ত্যাজ্য করার ঘোষণা দেয় এবং দেশে ফিরলে তার জীবন বিপন্ন হবে বলে হুমকি দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে দেবশ্রীর এক বান্ধবী এই প্রতিবেদককে বলেন, ‘দেবশ্রী খুবই নিরীহ প্রকৃতির মেয়ে। শুধু একজন মুসলিম ছেলের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাকে পরিবার, সমাজ ও কিছু উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠীর তীব্র চাপে পড়তে হয়েছে। বর্তমানে দেশে তার জীবনহানির মারাত্মক আশঙ্কা তৈরি হয়েছে।’
স্থানীয় সূত্রে আরও অভিযোগ পাওয়া গেছে, এই ঘটনার জেরে কিছু উগ্র ভাবাপন্ন ব্যক্তি দেবশ্রীর পরিবারের এলাকায় গিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং দেবশ্রী দেশে ফিরলে তাকে চরম সামাজিক ও শারীরিক হেনস্থার হুমকি দিয়েছে।
ঘটনার জেরে গত ১৯ এপ্রিল সিলেটের কোতোয়ালি মডেল থানায় দেবশ্রী ও তার প্রেমিক সালমানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) ভুক্তভোগী তরুণীর পিতা দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে দেবশ্রীর পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিলেট কোতোয়ালি মডেল থানার কর্তব্যরত একজন কর্মকর্তা জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দেবশ্রীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি দেশে ফিরে এলে তার বিরুদ্ধে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
