বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে যাওয়ায় সুদূর কুষ্টিয়া থেকে মহিষ কিনে মাদারীপুরে নিয়ে এসেছেন ভক্তরা। রোববার (১৯ জুলাই) শিবচর উপজেলার কাদিরপুরে ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে এই মহিষ দিয়ে বিশাল ভূরিভোজের আয়োজন করা হয়েছে।
স্পেন প্রবাসীদের অর্থায়ন এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সি সোহাগের তত্ত্বাবধানে একঝাঁক স্পেন সমর্থক এই আয়োজন করছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফুটবল খেলার শুরু থেকেই উপজেলার কাদিরপুর এলাকার স্পেন সমর্থকেরা বিশাল বিশাল পতাকা টাঙানোসহ বিভিন্ন উন্মাদনায় মেতে ওঠেন। স্পেন ফাইনালে অংশ নেওয়ায় ওই এলাকার স্পেন প্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডা প্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার সোহাগ মুন্সির সহায়তায় স্পেন ভক্তরা এই ভূরিভোজের আয়োজন করেছেন। বিশ্বকাপ ফুটবল ফাইনালকে স্মরণীয় করে রাখতে কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনেছেন তারা। ১ লাখ ৯০ হাজার টাকা দামের এই মহিষে প্রায় ৬ মণ মাংস হয়েছে। রাতে ভূরিভোজের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলকে স্মরণীয় করে রাখবেন এই স্পেন ভক্তরা।
স্থানীয় স্পেন সমর্থকেরা জানান, ‘স্পেন ফাইনালে অংশ নেওয়ায় আমাদের এই আয়োজন। খেলার শুরু থেকেই আমরা স্পেনকে সমর্থন দিয়ে আসছি। এলাকায় বিশাল পতাকা টাঙিয়েছি। আজ মহিষ দিয়ে কাদিরপুর বাজারে ভূরিভোজ হবে। এছাড়া বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতিও নেওয়া হয়েছে।’
জানতে চাইলে আয়োজক আব্দুল গাফফার মুন্সি সোহাগ বলেন, ‘স্পেন সমর্থক প্রবাসী এবং আমরা যারা রয়েছি, সকলের সহযোগিতায় এই আয়োজন করা হচ্ছে। তবে রাতের ভূরিভোজে আমরা আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদেরও নিমন্ত্রণ জানিয়েছি। সকলে একই সাথে বসে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপভোগ করবো। এবং আমাদের প্রত্যাশা আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হবে।’
