ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের

তেহরান ও ওয়াশিংটনের মাঝে চলমান উত্তেজনার মাঝে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রোববার নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী।

এদিকে, দেশটির পরমাণু শক্তি সংস্থা বলেছে, খুজেস্তান প্রদেশে অবস্থিত নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্রের আঘাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই বিষয়ে জানতে বিস্তারিত পর্যালোচনা চলছে।

সংস্থাটি বলছে, স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে ওই পারমাণবিক বিদ্যুৎ স্থাপনায় হামলা চালানো হয়। মার্কিন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এইওআই। ইরানে ২০২২ সালে ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়েছিল।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দেশটির সামরিক-বেসামরিক স্থাপনার লক্ষ্য করে গত এক সপ্তাহ ধরে টানা হামলা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কয়েকটি আঞ্চলিক দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহার করা সব স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনীও।

যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে তেহরানের বাধা দেয়ার অভিযোগে দেশটিতে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Read Previous

এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা, গোল করবেন মেসি : জায়েদ খান

Read Next

‘অনিরাপদ পথ’ দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে: আইআরজিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular