বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার (৮ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সফরের শুরুতেই স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে মাঠে নামছে শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজমের দল।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে আরও ব্যস্ততা যোগ করেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিরিজটি আগামী মে-জুন মাসে লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
এর আগে জানুয়ারিতে পাকিস্তান সফরে সর্বশেষ সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এছাড়া, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানের মাটিতে গ্রুপপর্বের ম্যাচ খেলেছিল তারা, যদিও বৃষ্টির কারণে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
নতুন এই ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, সিরিজ শুরুর সময় আইপিএলের চূড়ান্ত পর্ব চলমান থাকবে। ফলে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পাওয়া নাও যেতে পারে।
অন্যদিকে, গত বছরের অক্টোবরের পর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। ফলে দীর্ঘ বিরতির পর পাকিস্তান সিরিজ দিয়েই তারা ৫০ ওভারের ক্রিকেটে ফিরছে।
বাংলাদেশ সফর নিয়েও রয়েছে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি। আগামী ৯ জুন থেকে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে আসবে তারা। প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নামবে অজিরা।
অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের সূচি
৩০ মে – প্রথম ওয়ানডে (রাওয়ালপিন্ডি)
২ জুন – দ্বিতীয় ওয়ানডে (লাহোর)
৪ জুন – তৃতীয় ওয়ানডে (লাহোর)
