ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহিত জীবনের ৪ বছর পার হতেই ঘর ভাঙছে বলিউড অভিনেত্রী মৌনি রায়। বিচ্ছেদের এমন খবরে এবার মুখ খুলেছেন নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, সোশ্যাল হ্যান্ডেলে বিচ্ছেদ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছেন মৌনি।
একটি পোস্টে তিনি বিচ্ছেদ প্রসঙ্গে লেখেন,
সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে কোনো মনগড়া খবর লিখবেন না। আমাদের কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর দিন।
পরিবারের সদস্যদের সাথে ছবি আপলোড করে পোস্টে মৌনি জানান, যেকোনো পরিস্থিতিতেই পরিবার তার পাশে রয়েছে।
তবে এ পোস্টে এখনও নায়িকা সরাসরি বিচ্ছেদ বা সম্পর্কের অবস্থান নিয়ে কিছু স্পষ্ট করেননি। বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চান না এমন ইঙ্গিতও দিয়েছেন মৌনি।
কিছুদিন আগে মৌনি তার ইনস্টাগ্রাম থেকে স্বামী সুরজের সব ছবি মুছে ফেলার পরই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার বিচ্ছেদের গুঞ্জন। এ গুঞ্জন আরও জোরালো হয় যখন মৌনি ও সুরজ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুজন দুজনকে আনফলো করেন।
এরপরই নায়িকার মন্তব্যে ঘর ভরে ওঠে ভক্ত, নেটিজেনদের একাধিক প্রশ্নের বন্যায়। একই সাথে ভক্ত মহলে জল্পনা শুরু হয় এ জুটির বিচ্ছেদ নিয়ে।
২০১৯ সালে নিউইয়ারের এক পার্টিতে দেখা হয় মৌনি ও সুরজের। পরিচয় থেকে ভালো লাগা এরপর আলাপের পরে একে অন্যের প্রেমে পড়েন তারা। ২০২১ সালে দুই পরিবারের সাথে দুজনের সখ্যতা গড়ে ওঠার পর ২০২২ সালে ১১০ জন কাছের মানুষদের নিয়ে বিয়ের পিঁড়িতে বসেন এ জুটি।
