এক ঝটকায় বিছানা ছাড়ছেন? সতর্ক করলেন চিকিৎসকরা

সকালে ঘুম ভাঙার পর বেশিরভাগ মানুষই তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে পড়েন। কিন্তু চিকিৎসকদের মতে, দিনের শুরুতে এই অভ্যাসই শরীরের নানা সমস্যার কারণ হতে পারে।

বিশেষ করে ঘাড়, কোমর ও মেরুদণ্ডের ওপর হঠাৎ চাপ পড়ে, যা পরে ব্যথা বা অস্বস্তি তৈরি করতে পারে।
অনেকেরই সকালে ঘাড় শক্ত হয়ে যাওয়া, কোমরে টান লাগা বা পিঠে ব্যথার মতো সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে ভুলভাবে বিছানা ছাড়ার অভ্যাসও বড় কারণ হতে পারে।

ঘুমের সময় আমাদের শরীর দীর্ঘক্ষণ বিশ্রামে থাকে।

টানা কয়েক ঘণ্টা শুয়ে থাকার কারণে মেরুদণ্ডের ডিস্কগুলো স্বাভাবিকের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে পড়ে। এ সময় শরীর হঠাৎ ধাক্কা বা চাপ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে না। তাই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আচমকা সোজা হয়ে উঠে বসলে মেরুদণ্ডে বাড়তি চাপ পড়ে।
অস্থিরোগ বিশেষজ্ঞরা বলছেন, সকালে এক ঝটকায় উঠে বসা ঠিক নয়।

এতে কোমর শক্ত হয়ে যাওয়া, পেশিতে টান ধরা কিংবা ঘাড়ে ব্যথার ঝুঁকি বাড়ে। অনেক সময় সারাদিন শরীরে অস্বস্তিও থেকে যেতে পারে।

তাহলে সঠিক নিয়ম কী?

চিকিৎসকদের পরামর্শ, ঘুম থেকে ওঠার সময় শরীরকে ধীরে ধীরে নড়াচড়া করতে দিতে হবে। প্রথমে আস্তে করে ডান বা বাঁ যেকোনো একদিকে কাত হতে হবে। এরপর হাঁটু একটু ভাঁজ করে শরীরের কাছে আনতে হবে।

তারপর হাতের সাহায্যে ধীরে ধীরে উঠে বসতে হবে। এতে পিঠ বা মেরুদণ্ডের ওপর একসঙ্গে বেশি চাপ পড়ে না।
শুধু উঠে বসলেই হবে না, কয়েক সেকেন্ড বিছানার ধারে বসে থাকাও জরুরি। কারণ দীর্ঘ সময় শুয়ে থাকার পর শরীরের রক্তচাপ ও ভারসাম্য স্বাভাবিক হতে একটু সময় লাগে। খুব দ্রুত উঠে দাঁড়িয়ে গেলে মাথা ঘোরা, দুর্বল লাগা বা ভারসাম্য হারানোর মতো সমস্যা হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে ওঠার সময় ছোট ছোট এই সতর্কতা মেনে চললে কোমর, ঘাড় ও মেরুদণ্ড অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।

Read Previous

ঢাকাসহ যেসব জেলায় রাত ১টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

Read Next

চোটের গুঞ্জন উড়িয়ে নেইমার বললেন, ‘ফিট আছি’

Most Popular