সুখবর দিলেন শাকিব খান

নতুন সিনেমা নিয়ে সুখবর দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেতা।

বৃহস্পতিবার (২ জুলাই) ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান একটি নতুন ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যাচ্ছে, ‘বরবাদ’ সিনেমার পরিচালক, প্রযোজকদের সঙ্গে বসে আছেন শাকিব। মুখে সবারই নতুন প্রত্যাশার হাসি।

প্রিয় নায়কের এমন পোস্টের পরই মন্তব্যের ঘরে উচ্ছ্বাস আর ভালোবাসা জানাতে শুরু করেন ভক্তরা। বেশিরভাগ ভক্তই নতুন সিনেমায় শাকিবের কাছে নতুন লুক আর দুর্দান্ত অ্যাকশন দেখার ইচ্ছা প্রকাশ করেন।

জানা যায়, রিয়েল অ্যানার্জির নতুন সিনেমায় আজ বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এবারের সিনেমাটিও ‘বরবাদ’-এর মতো আলোচিত ও ব্যবসাসফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিনেমাটি আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। যদিও বিগ বাজেটের নতুন সিনেমাটির নাম কিংবা গল্প এখনই প্রকাশ করা হয়নি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেয়া হবে, জানানো হবে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য।

ঢালিউডের ব্লক বাস্টার হিট সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল।

এ সিনেমার পর পরিচালক অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে নির্মাণ করেন ‘রাক্ষস’ অন্যদিকে শাকিব খান অন্য পরিচালকের পরিচালনায় অভিনয় করেন ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ নামের দুই সিনেমায়। কোনোটিই ব্যবসা সফল না হওয়ায় ‘বরবাদ’ টিমের সদস্যরা এক হয়ে ঢালিউডে নতুন ব্যবসা সফল সিনেমা নির্মাণে মাঠে নামছে।

Read Previous

বেসরকারি হাসপাতালে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতে ৫ নির্দেশনা

Read Next

আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

Most Popular