সকল জল্পনার অবসান ঘটিয়ে গতকাল রোববার (৫ জুলাই) তৃতীয় বিয়ে সারলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় আমির-গৌরীর আইনি বিয়ে।
বিয়ের পর বর-কনের প্রথম নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আয়োজিত অন্তরঙ্গ অনুষ্ঠানের সেই আবেগঘন মুহূর্ত এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।
ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে একে অপরের প্রতি অঙ্গীকার করার পর আমির ও গৌরী ধীরলয়ে নাচছেন। একপর্যায়ে আমির নববধূকে আলিঙ্গন করেন ও ভালোবাসার চুম্বনে ভরিয়ে দেন। চারপাশে উপস্থিত স্বজনদের করতালি ও উচ্ছ্বাসে মুহূর্তটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ভিডিওর ক্যাপশনে ইরফান লিখেছেন, ‘প্রিয় আমির ভাই ও গৌরী, আপনাদের বিয়ের জন্য আন্তরিক অভিনন্দন। ভালোবাসা, সুখ, হাসি ও একসঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্তে ভরে উঠুক আপনাদের জীবন। আল্লাহ আপনাদের নতুন পথচলাকে অফুরন্ত আনন্দ ও আশীর্বাদে ভরিয়ে দিন।’
বিয়ের অনুষ্ঠানে আমির খানকে দেখা যায় সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাকে, যার সঙ্গে ছিল ব্রোঞ্জের একটি ব্রোচ। অন্যদিকে গৌরী স্প্র্যাট পরেছিলেন হালকা বেইজ রঙের সূক্ষ্ম কারুকাজ করা ঐতিহ্যবাহী পোশাক। খোঁপার বদলে বেণি করা চুলে ছিল মার্জিত সাজ, যা অনেকের প্রশংসা কুড়িয়েছে।
বিয়ের পর আমির খানের জনসংযোগ সংস্থা নবদম্পতির প্রথম আনুষ্ঠানিক ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ভালোবাসা, হাসি এবং স্মরণীয় মুহূর্তের এক উদযাপন। আমির খানের বিয়ের আনন্দঘন আয়োজনের উষ্ণতা, আনন্দ আর জাদুকরী আবহের অংশ হোন।’
আমির-গৌরীর পরিচয় নতুন নয়। প্রায় ২৫ বছর আগে প্রথম দেখা হয় দুজনের। সময়ের ব্যবধানে হারিয়ে যায় যোগাযোগ। ২০২৪ সালে আমিরের বোন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবারও দেখা হয় তাদের। সেই পুরোনো পরিচয়ই ধীরে ধীরে রূপ নেয় গভীর ভালোবাসায়।
প্রেমের শুরুর দিনগুলোতে দূরত্বই ছিল তাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা। গৌরী ছিলেন বেঙ্গালুরুতে, আর আমির মুম্বাইয়ে। প্রায় এক বছর দীর্ঘ দূরত্বের সম্পর্কের পর মুম্বাইয়ে আমিরের কাছে চলে আসেন গৌরী, সঙ্গে ছিলো আগের সংসারের সন্তানও। এরপর থেকেই একসঙ্গে নতুন জীবনের পথচলা শুরু করেন তারা, যা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় বিয়ের বন্ধনে।
আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। ১৯৮৬ সালে বিয়ে করেন তারা। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান- জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনে এখনও সু-সম্পর্ক রয়েছে সাবেক এই দম্পতির।
রীনার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৪ সালে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। এক বছর পর, ২০০৫ সালে বিয়ে করেন তারা। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় ছেলে আজাদের। তবে সেই সংসারও টেকেনি। ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন।
দুই অধ্যায়ের পর জীবনের তৃতীয় ইনিংস শুরু করলেন আমির খান। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে বিয়ে- গৌরীকে সঙ্গী করে এবার নতুন পথচলা বলিউডের এই তারকার।
