সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের উত্থাপিত অভিযোগের মধ্যে সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় খুঁজে পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির কাছ থেকে সরকার প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছে।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। ফলে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপিসহ অন্যরা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন। তবে সরকার এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পায়নি, যা আমলে নেওয়ার মতো।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারী সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের প্রথম কয়েক মাসে মো. সাহাবুদ্দিন সংবিধান ও প্রচলিত বিধি অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এ সময় সরকার তার সহযোগিতা পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, দায়িত্বে থাকাকালে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন। ফলে দায়িত্ব পালনের সময়ের কর্মকাণ্ড নিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা বা আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।
এক প্রশ্নের জবাবে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের কথিত ফোনালাপের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের খবর সরকারও গণমাধ্যমে দেখেছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই।
তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলতে বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না। তাই এ ধরনের দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
