বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীনা দূতাবাস

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য চীনের ১৪০তম ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান্টন ফেয়ার) অংশগ্রহণের ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজুতে তিন ধাপে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী। এতে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ক্যান্টন ফেয়ার ভিসার জন্য আবেদনকারীদের শুধু ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিশিয়াল আমন্ত্রণপত্র জমা দিতে হবে।

এটিই হবে ভিসা আবেদনের একমাত্র বাধ্যতামূলক নথি।

তবে ভিসা-প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীরা চাইলে অনলাইন আবেদনের সঙ্গে অতিরিক্ত সহায়ক নথি হিসেবে আগের ভিসা, ভ্রমণ রেকর্ড এবং কম্পানির গ্যারান্টি লেটার জমা দিতে পারবেন।

চীনা দূতাবাস জানিয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্যসংবলিত ভিসা আবেদন গ্রহণ করা হবে না এবং তা সংশোধনের জন্য ফেরত পাঠানো হতে পারে। ভ্রমণ পরিকল্পনায় জটিলতা এড়াতে আবেদনকারীদের অনলাইন ফর্ম যথাযথভাবে, সম্পূর্ণ ও নির্ভুল তথ্য দিয়ে পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো সতর্ক করে বলা হয়েছে, ভুয়া বা পরিবর্তিত আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা জাল নথি জমা দিলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতের ভিসা আবেদনের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আবেদনকারীদের নিজেদের ভিসা ফর্ম নিজেরাই পূরণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভিসা সেবা দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময়সীমা ও প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট নিয়ম এবং আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করে দূতাবাস নির্ধারণ করবে।

এ ছাড়া ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘ভেতরের যোগাযোগ’ বা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক দাবির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

অভিযোগ বা মতামত জানাতে আবেদনকারীরা যোগাযোগ করতে পারবেন-
ই-মেইল
chinaemb_bd@mfa.gov.cn
dhaka@csm.mfa.gov.cn

এ ছাড়া ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্রের হটলাইন :
(0088-02) 226603261
(কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)

Read Previous

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

Read Next

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular