দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটে এক পাইলট আরেক পাইলটকে ছুরিকাঘাত করে প্লেন বিধ্বস্তের চেষ্টার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বুধবার (৩০ অক্টোবর) ফ্লাইদুবাইয়ের প্লেনটি যাত্রা শুরুর প্রায় দুই ঘণ্টা পর ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে কাবু করে প্লেনের নিয়ন্ত্রণ নেন এবং সেটিকে অবতরণ করান।
ছুরিকাঘাতে আহত পাইলট, ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা স্থিতিশীল। নেতানিয়াহু তাকে ‘সত্যিকারের নায়ক’ বলে অভিহিত করেছেন।
ইয়ানিভ হায়ুন নামে এক যাত্রী জানান, হামলাকারী প্লেনকে অচল করার চেষ্টা করছিলেন। এ সময় তিনি পেছন থেকে তার গলা চেপে ধরেন। পরে অন্য যাত্রীরাও এগিয়ে এসে হামলাকারীকে কাবু করতে সহায়তা করেন।
অভিযুক্ত হামলাকারীকে সৌদি আরবে গ্রেফতার করা হয়েছে। নেতানিয়াহু ফক্স নিউজকে জানিয়েছেন, তাকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হতে পারে। সেখান থেকেই প্লেনটি যাত্রা শুরু করেছিল।
তিনি আরও জানান, ওই পাইলটকে বর্তমানে সৌদি আরবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
