কিশোরগ্যাং নির্মূলে ওসিকে দুই মাস সময় দিলেন চিফ হুইপ

কিশোরগ্যাং নির্মূলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি।

তিনি বলেন, ‌‘আগামী দুই মাসের মধ্যে কিশোরগ্যাং যদি নির্মূল করতে না পারেন, আপনি থাকবেন না। আগামী দুই মাস টাইম, দুই মাস। কিশোরগ্যাং উল্টিয়ে ঝুলাইবেন গাছে। কোনো কিশোরগ্যাং থাকতে পারবে না।’

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন চিফ হুইপ। সভায় পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, ‘চাঁদাবাজি করে যারা খাবেন, চাঁদাবাজির কোনো জায়গা পাথরঘাটায় নেই। ওসি সাহেব, আপনাকে আমি এখানে বললাম, চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন, না হয় চাঁদাবাজ থাকবে। সন্ত্রাসী আর দখলবাজ পাথরঘাটায় থাকতে পারবে না।’

ওসিকে নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ‘আমার নাম নিয়ে আউয়াল নামের এক ব্যাক্তি কোথায় কী করার কথা বলে চাঁদা খেয়েছে। আউয়ালসহ আরও একজন এখন পলাতক। আউয়ালকে আপনি ধরবেন এবং সেই মামলায় গ্রেফতার দেখাবেন। চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। সন্ত্রাসীদের কোনো দল নেই।’

সভায় উপস্থিত সবার উদ্দেশে চিফ হুইপ বলেন, ‘আমার নাম নিয়ে যদি কেউ দখলবাজি করে, আমি টেলিফোন ধরতে পারি না, আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন। আমি রাতে মেসেজ দেখি। কোস্টগার্ডের সোর্স যারা আছেন তারা সাবধান হইয়েন। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেফতার করাব। তারা থানায়ও দালালি শুরু করেছে। থানায় দালালি বন্ধ কইরেন।’

Read Previous

পূজামণ্ডপে ফল ও মিষ্টি উপহার দিল বিজিবি

Read Next

‘জেলার ২’ মুক্তির পর অজয়ের ‘দৃশ্যম ৩’ সিনেমার আয়ে কী প্রভাব পড়েছে?

Most Popular