মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

সশস্ত্র অবস্থায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে অংশগ্রহণকে নেতিবাচক বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে অভিযানে তার হাতে অস্ত্র না থাকলে ভালো হতো বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুর রহমান।

ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘তার যেটা দরকার ছিল, সেখানে পুলিশ ফোর্স ছিল। সেখানে ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো। ইশরাকের কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই। তবে একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী প্রকাশ্য দিবালোকে অস্ত্র বহন করলে কিংবা তাকে অস্ত্র দিয়ে আক্রমণ করা হলে, তা অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠতে পারে। তিনি ভালো উদ্দেশ্যে কাজটি করলেও খারাপ উদ্দেশ্যে অন্য কেউ সেটিকে ব্যবহারের সুযোগ নিতে পারে।’

এর আগে মঙ্গলবার সকালে নগরের চকবাজারের সাফা আর্কেডে পৌরসভা ও ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির এবং নগর জামায়াত আয়োজিত সাবেক সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শফিকুর রহমান।

সম্মেলন শেষে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক সমাজকে শেষ করে ফেলেছে। সংসদে মাদক নিয়ন্ত্রণের আইন পাস হয়েছে। তবে শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করতে চান।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলামত তো ভালো না। একেক জায়গায় গিয়ে সরকারি দলের লোকেরা ঘোষণা দিচ্ছেন, আমাদের দলীয় প্রার্থীদের নির্বাচিত না করলে এখানে কোনো তহবিল বরাদ্দ হবে না, উন্নয়ন হবে না।

নগরের জিইসি কনভেনশন সেন্টারে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভিত্তিহীন বক্তব্য ও অপপ্রচারের জবাব দেওয়ার বিষয়ে শফিকুর রহমান বলেন, কোনো কাঁচা কথার জবাব দেওয়ার মতো সময় আমাদের নেই। আমাদের প্রধান কাজ হলো জনগণের বাস্তব সমস্যার সমাধান করা।

Read Previous

কানায় কানায় পূর্ণ ঐতিহাসিক মাদরাসা মাঠ, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Read Next

ইয়ামালকে বল থেকে দূরে রাখো, তাহলেই বার্সেলোনা আটকে যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular