সিভিল জজ হওয়া ইবির ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫-এ সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এ আয়োজন করে।

অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

এছাড়া আইন অনুষদের তিনটি বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থী রোকোনুজ্জামান রায়হান বলেন, আইন বিভাগের শিক্ষকদের আন্তরিকতা এবং প্রতিবছর সিনিয়রদের বিচারক হওয়া আমাদের স্বপ্ন এগিয়ে নিতে অনুপ্রেরণা জুগিয়েছে। সবার উচিত শুরু থেকেই দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সিলেবাস বিশ্লেষণ করে সাধারণ ও আইন- উভয় অংশে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়াশোনার জন্য জব কর্নারের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।

উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। শিক্ষা ব্যবস্থায় দেশের সব শ্রেণির মানুষের অবদান রয়েছে। আপনারাও সেই বিবেচনায় দায়িত্ব পালন করবেন। সবার ওপরে সৃষ্টিকর্তা রয়েছেন- এটি বিবেচনায় রেখে বিবেক-বুদ্ধি দিয়ে দায়িত্ব পালন করা উচিত।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে বিনা নোটিশে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৩য় বর্ষের ২য় সেমিস্টারের একটি কোর্সের ফাইনাল পরীক্ষা স্থগিত করায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ বিভাগের শিক্ষার্থীদের।

পূর্বঘোষিত রুটিন অনুযায়ী রোববার সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীরা পরীক্ষার হলে এসে কোনো শিক্ষক বা পরীক্ষাসংশ্লিষ্ট কাউকে খুঁজে না পেয়ে স্থগিতের বিষয়টি জানতে পারেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে একটি নোটিশে পরীক্ষা স্থগিত করা হয় বলে জানা গেছে।

বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওহাব বলেন, শনিবার শেষ মুহূর্তে বিভাগীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হওয়ায় এটি কার্যকর হতে একটু বেশি সময় লেগেছে। তবে বিষয়টি শিক্ষার্থীদের মৌখিকভাবে জানানো হয়েছিল। সার্বিক বিষয় বিবেচনা করে ২৬ তারিখ ওই কোর্সটির পরীক্ষা হবে।

Read Previous

৪২০০ টাকার সারের কাজ হবে ২৩০ টাকায়

Read Next

অক্টোবরের ২৪ দিনে এলো ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular