আর্জেন্টিনায় উন্মোচিত হলো মেসির সবচেয়ে বড় ভাস্কর্য

আর্জেন্টিনায় উন্মোচিত হয়েছে লিওনেল মেসির সবচেয়ে বড় ভাস্কর্য। প্যাটাগোনিয়া অঞ্চলে বানানো এই ভাস্কর্যের উচ্চতা ২৬ মিটার, ওজনে ৭০ টন।

এই খবর জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোবে। বিশ্বকাপে আর্জেন্টিনার আলজেরিয়া ম্যাচের আগে ভাস্কর্যটি উন্মোচন করা হয়।

জাতীয় মহাসড়ক ২২ এবং ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে অবস্থিত এই ভাস্কর্যটি বসে রয়েছে- এমনভাবে তৈরি করা হয়েছে। এর ভেতরের অংশ তৈরি হয়েছে ইস্পাত দিয়ে, বাইরে তিন স্তরের কংক্রিটের আবরণ। এটিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় দেখানো হয়েছে, এর সামনেই রয়েছে বিশ্বকাপ ট্রফি এবং বুকে জ্বলজ্বল করছে তিনটি সোনালি তারা।

ভাস্কর্যটি নির্মাণ করেছেন অ্যালদো বেরোইসা নামে এক ভাস্কর। কাট্রাল কো শহরের স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের একটি দলের সঙ্গে তিনি এক বছর ধরে কাজ করেছেন। তার ভাষ্যমতে, উদ্বোধনের দিন পর্যন্ত তারা রাতভর কাজ করে শেষ মুহূর্তের খুঁটিনাটি সম্পন্ন করেছেন।

ভাস্কর্যটি শুরুতে এত বিশাল আকারের হওয়ার কথা ছিল না। কাট্রাল কোর ক্রীড়া সচিব অ্যালদোকে মেসির প্রকৃত উচ্চতা অনুযায়ী ১.৭২ মিটার (প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি) একটি ভাস্কর্য তৈরির দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু ভাস্কর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২৬ মিটার উঁচু ভাস্কর্য বানানোর প্রস্তাব দেন।

গত বছর লিওনেল মেসির কলকাতা সফর উপলক্ষে লেকটাউনের পাশে তার একটি ২১ মিটার উঁচু ভাস্কর্য বানানো হয়েছিল। তবে প্রবল বাতাসে কাঠামোটির স্থিতিশীলতা নিয়ে অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ এটি সরিয়ে ফেলে।

Read Previous

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Read Next

কিছুই যোগ করে না, বরং কেড়ে নেয়-হাইড্রেশন ব্রেকের সমালোচনায় উরুগুয়ের কোচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular