কয়েকদিনের অসহ্য ও দমবন্ধ ভ্যাপসা গরমের পর অবশেষে বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। রোববার (২১ জুন) দুপুরের দিকে হঠাৎ করেই ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। এরসঙ্গে ঝড়ো বাতাসে প্রশান্তি ছড়াতে শুরু করে।
পরে বিকেল ৪টার পর এক পশলা বৃষ্টিতে ভিজে যায় রাজধানী। পরে বিকেল ৫টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় ভারি বৃষ্টির।
সময় সংবাদের প্রতিনিধিরা জানান, রাজধানীর বাংলামোটর, মগবাজার, হাতিরঝিল, কারওয়ানবাজার, মহাখালীসহ বেশকয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে।
বৃষ্টিতে অফিসফেরত মানুষ, কেনাকাটাসহ বিভিন্ন প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন, তারা কিছুটা ভোগান্তিতে পড়েন। সড়কে পণ্যের পসরা সাজিয়ে বসা ভাসমান দোকানিদেরও বৃষ্টি থেকে তাদের মালামাল রক্ষা করতে দেখা গেছে। ঝুম বৃষ্টির কারণে সড়কের কিছু কিছু জায়গায় সাময়িক জলজট এবং ধীরগতির সৃষ্টি হয়েছে।
তবে অসহ্য গরমের মধ্যে বৃষ্টি কিছুটা হলেও স্বস্তিও দেয় তাদের। সাধারণ পথচারীদের অনেককেই ভিজতে ভিজতে গন্তব্যে যেতেও দেখা গেছে, তবে সবার চোখে-মুখেই ছিল স্বস্তির ছাপ।
আবহাওয়া দফতর সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার যে পূর্বাভাস দিয়েছে, তাতে দেশের বেশ কিছু অঞ্চলে আগামী দুইদিন ভারি বৃষ্টির আভাস রয়েছে। সকাল থেকে আগামী মঙ্গলবার সকাল ৯টার মধ্যে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্র তুলে ধরে বলা হয়েছে, সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়ার আরও খবর
এরপরের দিন অর্থাৎ সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় একই রকমভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া সংস্থাটি আরও জানিয়েছে, এই বৃষ্টির প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা গরমের তীব্রতা আরও কিছুটা কমিয়ে আনবে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
