উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা ফিফার বাধ্যতামূলক হাইড্রেশন বিরতির তীব্র সমালোচনা করেছেন। রোববার (২১ জুন) কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ ‘এইচ’–এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিয়েলসা ফিফার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।
‘এল লোকো’ খ্যাত এই কোচ বলেন, ‘এটি কোনো কিছুই যোগ করে না, বরং অনেক কিছু কেড়ে নেয়।’ মূলত প্রচণ্ড গরম আবহাওয়ায় খেলোয়াড়দের পানি পান করার সুযোগ দিতে এই ব্যবস্থা চালু করা হলেও এখন তাপমাত্রা যাই হোক না কেন, এমনকি ছাদযুক্ত স্টেডিয়ামেও এটি কার্যকর করা হচ্ছে।
এই আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘যখন ম্যাচকে চার ভাগে ভাগ করা হলো, তখন তারা ফুটবলের কথা ভাবেনি; তারা অন্য বিষয়ের কথা ভেবেছে।’
হাইড্রেশন বিরতি নিয়ে অসন্তোষ শুধু কোচদের মধ্যেই নয়, খেলোয়াড় ও দর্শকদের মধ্যেও রয়েছে। খেলার গতি থেমে গেলে অনেক সময় সমর্থকদের বাঁশি বা দুয়ো দিতেও দেখা যায়।
যদিও হাইড্রেশন ব্রেক নতুন কিছু নয়। এর আগে চলতি কোপা লিবের্তাদোরেস এবং কোপা সুদামেরিকানাতেও এটি ব্যবহৃত হয়েছে।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী বিয়েলসা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ১-১ ড্রয়ে দ্বিতীয়ার্ধে দল যে পারফরম্যান্স দেখিয়েছিল, সেটিই তিনি আবার দেখতে চান।
তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে যা ঘটেছিল, তা সম্পূর্ণ ভিন্ন ছিল। দল দ্বিতীয়ার্ধে যা করেছে, প্রথমার্ধেও তা করতে পারত।’ প্রথম ৪৫ মিনিটের পারফরম্যান্সকে তিনি ‘ধীরগতির’ বলে উল্লেখ করেন।
এছাড়া দলের ট্রেনিং ক্যাম্প হিসেবে মেক্সিকোর প্লায়া দেল কারমেনকে বেছে নেওয়ার সিদ্ধান্তও আবার সমর্থন করেন তিনি। যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে বারবার যাতায়াত করতে হলেও বিয়েলসার মতে এর চেয়ে ভালো জায়গা তারা কল্পনাও করতে পারেননি।
তার ভাষায়, ‘আমরা এর চেয়ে ভালো জায়গা কল্পনা করতে পারিনি। শুধু সুবিধার কারণেই নয়, সেখানে যারা কাজ করেন তাদের সহযোগিতাও অসাধারণ। আমাদের প্রয়োজনের জন্য এটি খুবই উপযোগী একটি জায়গা।’
গ্রুপে স্বস্তিদায়ক অবস্থানে যেতে উরুগুয়ের জন্য কেপ ভার্দের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে স্পেনের, যারা নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ডে আর্জেন্টিনার গ্রুপের শীর্ষ দুই দলের মুখোমুখি হবে। ফলে উরুগুয়ে নকআউট পর্বে উঠলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও খেলতে হতে পারে।
