ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে সংরক্ষণ ও রূপান্তরের মাধ্যমে গড়ে তোলা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ৫ আগস্টের মধ্যেই এ জাদুঘরটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, অতি দ্রুত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
‘তবে উদ্বোধনের সুনির্দিষ্ট দিন তারিখ এ মুহূর্তে বলা যাবে না। জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনা পর্ষদ গঠন করেছে সরকার। শিগগিরই পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক হবে। সেখানে জাদুঘর পরিচালনার জন্য জনবল নিয়োগের বিষয়টি চুড়ান্ত হবে’, যোগ করেন মন্ত্রী।
নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণে অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে, তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, এই জাদুঘর নির্মাণের কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। আমরা পরে এসে দায়িত্ব নিয়েছি। অন্তর্বর্তী সরকারের সময়েও যদি কোনো অনিয়ম হয়, তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না।
