গাবতলীতে স্পোর্টস কার থেকে বিদেশি পিস্তল উদ্ধার

রাজধানীর গাবতলী এলাকায় ট্রাফিক পুলিশের ধাওয়ার মুখে একটি স্পোর্টস কার থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দারুসসালাম ট্রাফিক জোনের আওতাধীন মাজার রোড ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও গাড়ির চালক পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে মাজার রোড ক্রসিং সংলগ্ন এসএস ফিলিং স্টেশনের সামনে বেপরোয়া গতিতে চলা একটি হলুদ রঙের স্পোর্টস কারকে থামার সংকেত দেন দায়িত্বরত সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়িটি থামলেও চালক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। চালক ও যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট অনিরুদ্ধ গাড়িটি তল্লাশির প্রস্তুতি নেন। এ সময় চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে সার্জেন্ট অনিরুদ্ধ ধাওয়া করে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটকাতে সক্ষম হন। সার্জেন্ট অনিরুদ্ধ তাৎক্ষণিকভাবে বিষয়টি ওয়্যারলেসের মাধ্যমে টিআই রনি ও টিআই মোস্তফাকে অবহিত করেন। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়ির চালক যাত্রী হিসেবে থাকা ব্যক্তিকে রেখেই দ্রুত পালিয়ে যান।

পরে স্থানীয়দের সহায়তায় গাড়িতে থাকা ওই যাত্রীকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও এক ম্যাগাজিন উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্রটির গায়ে THS71246 (Made in Brazil) নম্বর খোদাই করা রয়েছে।

আটক ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন আশিক (২০)। তিনি নিজেকে তুরাগ সিটি, রোড-২, শাহআলী, মিরপুর-১-এর বাসিন্দা এবং এমদাদুল হাসান বাপ্পির ছেলে হিসেবে পরিচয় দিয়েছেন।

দারুসসালাম ট্রাফিক জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র, আটক ব্যক্তি এবং স্পোর্টস কারটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া চালককে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Read Previous

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

Read Next

রক্তক্ষয়ী গণঅভ্যুথ্যানের মাধ্যমে আমরা নতুন রাষ্ট্র পেয়েছি: ডেপুটি স্পিকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular