বাংলাদেশকে একটি বৈশ্বিক সাংস্কৃতিক ও বিনোদন গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’ (tickify.live)-এর প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক জাতীয় আয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বিনোদন ও সাংস্কৃতিক অর্থনীতির বিকাশে নীতি-সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্টার্টআপগুলোর উদ্ভাবনী সক্ষমতা প্রত্যক্ষ করেন এবং এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সহায়তার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে বিনোদন শিল্পে নিয়োজিত স্টার্টআপগুলোর জন্য সরকার কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে তিনি প্রতিষ্ঠাতাদের মতামত জানতে চান।
টিকিফাইয়ের পক্ষ থেকে জানানো হয়, কনসার্ট বা বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমোদনে দীর্ঘসূত্রতা, নিয়ন্ত্রক অনিশ্চয়তা এবং অবকাঠামোগত ঘাটতি এ খাতের প্রধান চ্যালেঞ্জ। প্রতিষ্ঠাতারা জানান, নিরাপত্তা ও স্বচ্ছ কাঠামোর অভাবে অনেক সময় ইভেন্ট বাতিল করতে হয়, যা শিল্পী ও আয়োজকদের জন্য বড় ধরনের আর্থিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত কাঠামো তৈরি করা হলে বাংলাদেশ আন্তর্জাতিক ট্যুর পরিকল্পনার অন্যতম গন্তব্য হতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতিখার ইমাম ইফতি বলেন, “প্রযুক্তির শক্তিতে বাংলাদেশকে বিশ্বব্যাপী স্বীকৃত বিনোদন ও পর্যটন গন্তব্যে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য। সৃজনশীল অর্থনীতির সম্ভাবনা উন্মোচনে আমরা সরকারি ও বেসরকারি অংশীজনদের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ”।
উল্লেখ্য, একই অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করা হয়, যার লক্ষ্য দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করা। প্রদর্শনীতে টিকিফাই ছাড়াও আইফার্মার, আরোগ্য, শেয়ারট্রিপ, শিখো ও ট্রাক লাগবের মতো পরিচিত স্টার্টআপগুলো অংশ নেয়।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ইভেন্ট প্ল্যাটফর্ম হিসেবে টিকিফাই এখন পর্যন্ত ৫২০টিরও বেশি ইভেন্টের সঙ্গে কাজ করেছে এবং ৮ লাখ ৯০ হাজারেরও বেশি ব্যবহারকারীকে সেবা প্রদান করেছে। টিকিটিং সেবার পাশাপাশি একটি নিরাপদ, স্বচ্ছ ও পেশাদার বিনোদন শিল্প গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে।
