ইন্টারন্যাশনাল হিউম্যান ডিউটি দিবস উপলক্ষে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের উদ্যোগে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ফিরোজা বারি প্রতিবন্ধী শিশু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে বিশেষ শিশুদের জন্য এক আনন্দঘন ফল উৎসবের আয়োজন করা হয়।
সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের মাঝে বিভিন্ন পুষ্টিকর ফল বিতরণ করা হয় এবং তাদের সাথে আনন্দঘন সময় কাটানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইউনাইটেডের লোকাল প্রেসিডেন্ট সিনেটর ডা. মো. এনামুল হক, ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, জেসিআই বাংলাদেশ ইঞ্জিনিয়ার এ.এফ.এম. ফাহমিদুর রহমান (অনি), মো. কামরুজ্জামান পাভেল, ২০২৬ স্ট্র্যাটেজিক প্ল্যানিং চেয়ারপারসন, জেসিআই বাংলাদেশ, মাহমুদ খান বিজু, রঞ্জন মীর মহসিন, মাকসুদ হোসেন, মো. আব্দুল কাইউম, জাহিদ হাসান আরজু, বি.এন. কলি, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম ভূঁইয়া এবং আরিফ সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল আলম, সহ-সাধারণ সম্পাদক নাসির ইকবাল জাদু, পরিচালনা পরিষদের সদস্য আতিকুর রহমান উজ্জ্বল এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা. সিনথিয়া আফরিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ শিশুদের প্রতি ভালোবাসা, যত্ন এবং মানবিক সহমর্মিতা প্রদর্শন করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। তারা আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠন সম্ভব।
জেসিআই ঢাকা ইউনাইটেডের নেতৃবৃন্দ জানান, সংগঠনটি ভবিষ্যতেও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে এবং মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাবে। ফল উৎসব চলাকালে বিশেষ শিশুদের উচ্ছ্বাস, আনন্দ এবং হাসিমুখ উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে এবং মানবতার সেবায় আরও নিবেদিত হওয়ার অনুপ্রেরণা জাগায়।
