তাইজুল-মিরাজের ঘূর্ণিতে শেষ সেশনে দাপট দেখাচ্ছে বাংলাদেশ

মিরপুরে দিনের প্রথম দুই সেশনে ছিল ওয়েস্ট ইন্ডিজের দাপট। ৫৯ রানে বাংলাদেশের শেষ ৭ উইকেট গুটিয়ে দেয়ার পর ব্যাটিংটাও নিরাপদেই করছিল তারা। এরপর বৃষ্টি বাগড়া দেয়ায় দ্বিতীয় সেশনের খেলা একটু আগেভাগেই শেষ হয়েছিল। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর তৃতীয় সেশনে অবশেষে দাপুটে চেহারায় ফিরেছে টাইগাররা। স্বরূপে ফিরেছেন তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা।

প্রথমে মিরাজের বুদ্ধিদীপ্ত বোলিং, পরে তাইজুলের জোড়া শিকারে দিনের শেষ সেশনে দ্রুত ৩ উইকেট শিকার করল বাংলাদেশ। ৯০ রানে দ্বিতীয় উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ৯৭ রানে পৌঁছাতে হারিয়েছে আরও ২ উইকেট।

ব্রেন্ডন কিংকে (১৫) ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুতই ধাক্কা দিয়েছিলেন হাসান মাহমুদ। কিন্তু জন ক্যাম্পবেল ও ত্যাগনারায়ণ চন্দরপলের জুটি সেই ধাক্কা কাটিয়ে উল্টো বাংলাদেশকেই ক্রমে হতাশ করে তুলছিল। দায়িত্বশীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নেন ক্যাম্পবেল।

এর কিছুক্ষণ পরেই বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়। দ্রুত দ্বিতীয় সেশনের ইতি ঘোষণা করে চা বিরতির ঘোষণা দেয়া হয়।

বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর তৃতীয় সেশন মাঠে গড়ায়। আর এর কিছুক্ষণ পরেই ব্রেক থ্রু এনে দেন মিরাজ। ৯০ রানে দ্বিতীয় উইকেট হারায় ক্যারিবীয়রা, ভাঙে ৭১ রানের জুটি।

মিরাজের হাওয়ায় ভাসানো বল স্লিপে শান্তর হাতে ক্যাচ দেন জন ক্যাম্পবেল। তার আগে ৭৮ বলে ৬ চার ও ২ ছক্কায় খেলেন ৫৪ রানের ইনিংস।

এর পাঁচ ওভার পরে জাদু দেখান তাইজুল। একই ওভারে ফেরান কাভেম হজ ও আমির জাঙ্গুকে।

সেই ওভারের প্রথম বলে সিলি পয়েন্টে মুমিনুল দারুণ ক্যাচ নেন হজের। ৭ রান করেন তিনি। আর ওভারের পঞ্চম বলে তাইজুলকে স্লগ সুইপ খেলতে গিয়ে তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন জাঙ্গু। রানের খাতা খুলতে পারেননি তিনি।

ক্রিজে এখন চন্দরপলের সঙ্গী জাস্টন গ্রেভস। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৩ ওভারে ৪ উইকেটে ১১৬ রান। ১১৯ বলে ২৭ রানে ব্যাট করছেন চন্দরপল। গ্রেভস অপরাজিত ১৩ রানে।

Read Previous

সারা দেশে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৫

Read Next

পাবনায় বজ্রপাতে নিহত ৬

Most Popular