কেক তৈরির কারখানায় অভিযান, বেরিয়ে এলো ভয়ংকর চিত্র

বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক তৈরির অভিযোগে ক্ল্যাসিক প্লেইন কেক নামের একটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে শাজাহানপুর উপজেলায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাজাহানপুরের সাজাপুর ফকিরপাড়া এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানাটির ভেতরে চরম অস্বাস্থ্যকর ও অনিয়মের চিত্র দেখতে পান অভিযানকারীরা।

অভিযানকালে দেখা যায়, কারখানায় পচা ও ভাঙা ডিম ব্যবহার করে কেক তৈরি করা হচ্ছে। তৈরি করা খাবার সরাসরি ময়লা মেঝেতে এবং নোংরা টেবিলে সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া কর্মরত শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষামূলক কোনো পোশাক বা গ্লাভস ছিল না। তারা ময়লা হাতেই খাদ্য উৎপাদন করে আসছিলেন।

খাদ্য উৎপাদন ও সংরক্ষণে এমন অনিয়ম ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ পাওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়।

যৌথ এই অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদেরসহ অন্যান্য সাপোর্ট স্টাফ এবং জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা প্রদান করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, অভিযান শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সরকারের সব আইন ও বিধি মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে।

Read Previous

মন্ত্রীর পেনাল্টি মিস, সাফ চ্যাম্পিয়নদের হারালো এসএ গেমস স্বর্ণজয়ীরা

Read Next

১০০ টাকার প্রাইজবন্ডের ১২৫তম ড্র, পুরস্কার পেল যেসব নম্বর

Most Popular