বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠান হয়েছে। এ সময় নতুন ব্যাচের ৮৫ জন শিক্ষার্থী, কোর্সের শিক্ষকবৃন্দ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র চক্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রশিল্পী, চলচ্চিত্রকর্মী ও সংগঠক মুনিরা মোরশেদ মুন্নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন আলোকচিত্রী ও শিক্ষক জনাব কায়সার আলম, শফিকুল আলম শাফী, শফিকুল আলম কিরণ, ওবায়দুল ফাত্তাহ তানভীর, মনিরুল আলম, মীর শামসুল আলম বাবু, কে ইউ মাসুদ এবং কে এম জাহাঙ্গীর আলম।

তাঁদের বক্তব্য ও মতবিনিময়ের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীরা কোর্সের পাঠক্রম, শেখার পরিবেশ এবং আলোকচিত্রচর্চার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের এই আলোকচিত্র কোর্সে ক্যামেরার ব্যবহার ও আলোকচিত্রের কারিগরি কৌশল শেখানোর পাশাপাশি ছবি দেখার দৃষ্টিভঙ্গি, নান্দনিক বোধ, পর্যবেক্ষণক্ষমতা এবং সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। তাত্ত্বিক পাঠের পাশাপাশি ব্যবহারিক ক্লাস, অ্যাসাইনমেন্ট, মাঠপর্যায়ে ছবি তোলা, ছবি পর্যালোচনা এবং অভিজ্ঞ আলোকচিত্রীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের আলোকচিত্রচর্চার সুযোগ তৈরি করা হয়।

কোর্সের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা আগামী দিনগুলোতে নিয়মিত ক্লাস ও বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমে অংশ নেবেন। কোর্সের শেষ পর্যায়ে চূড়ান্ত আউটিংয়ে তোলা নির্বাচিত ছবি নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে সাত দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

২০২৬ সালের এই ব্যাচের পাঠক্রমে রয়েছে তাত্ত্বিক ক্লাস, ব্যবহারিক অনুশীলন, অ্যাসাইনমেন্ট, মাঠপর্যায়ে ছবি তোলা এবং ছবি পর্যালোচনা। পরিকল্পনা অনুযায়ী মোট ২৫টি ক্লাসের পাশাপাশি থাকবে দিনব্যাপী একটি রিভিউ ক্লাস, পাঁচটি ‘মিট দ্য ফটোগ্রাফার’ পর্ব এবং আলোকচিত্রবিষয়ক নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী।

নতুন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্রচর্চার ধারাবাহিকতায় যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়।

Read Previous

পাবনায় বজ্রপাতে নিহত ৬

Read Next

কক্সবাজারে ১৪৪ ধারা জারি

Most Popular