৬০ দিনেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রেস সচিব

বর্তমান সরকারের গত দু-মাসের কর্মকাণ্ডে প্রশাসনের ওপর জনগণের পূর্ণ আস্থা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও জনমুখী কর্মকাণ্ডের ওপর সাধারণ মানুষ এখন গভীরভাবে আস্থাশীল।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকারের গত দুই মাসের সাফল্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের মাঝে থাকছেন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তার তোয়াক্কা না করে সরাসরি মানুষের অভাব-অভিযোগ শুনছেন। এটি জনগণের মাঝে বড় ইতিবাচক প্রভাব ফেলেছে।’

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ও পরে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার প্রতিটি বাস্তবায়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন সরকারের ‘৬০ দিনে ৬০টি কাজ’ কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, এই স্বল্প সময়ে সরকার ১১৩টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাস করেছে। এ ছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ ও নিম্নবিত্তদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচিও পুনরায় চালু করা হয়েছে।

উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার দাম অপরিবর্তিত রেখেছে। সরকারের পরবর্তী লক্ষ্য এখন ‘১৮০ দিনের কর্মসূচি’ বাস্তবায়ন করা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, ব্যক্তিগত কোনো উচ্চাভিলাষ নয়, বরং দেশ সেবা ও জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করার লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। তার প্রতিটি পদক্ষেপই সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য নিবেদিত।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

Read Previous

ডিপিএলের প্রথম দিনের দলবদল সম্পন্ন, কে কোন দলে?

Read Next

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬০ পদক্ষেপ: কী আছে এই তালিকায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular