পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সাদাপাথর, পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর। ফলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২১ জুন) সকালে হঠাৎ করেই সাদাপাথর এলাকার মূল জিরো পয়েন্ট, ভাসমান দোকান এলাকা এবং পর্যটকদের চলাচলের বিস্তীর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে সকাল থেকেই সাদাপাথর নৌঘাট থেকে পর্যটকবাহী কোনো নৌকা জিরো পয়েন্টের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ফলে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা চরম ভোগান্তিতে পড়েন এবং মূল স্পট না দেখেই তাদের ফিরে যেতে হয়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পর্যটন কার্যক্রম পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আকস্মিক এই ঢলে মূল স্পটে থাকা ৫০ থেকে ৭০টি ভ্রাম্যমাণ দোকানপাট পানিতে তলিয়ে গেছে।

এ অবস্থায় দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিবেশী দেশে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে দ্রুত পানি নেমে আসছে। ফলে স্পটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পর্যটনকেন্দ্রটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাদাপাথর সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। তবে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে দুর্ঘটনা এড়াতে আপাতত সেখানে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

Read Previous

বিশ্ব বাবা দিবস আজ

Read Next

মামুনুল হককে নিয়ে যেসব মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular